সঠিকভাবে পেঁয়াজ উত্পাদন করলে দাম বাড়ত না ---------------- পরিবেশমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪৩

মৌলভীবাজার প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, যেখানে দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষক, সেখানে কেন বিদেশ থেকে পেঁয়াজ আনতে হবে। সঠিকভাবে দেশে পেঁয়াজ উত্পাদন করলে এমন সংকট দেখা দিত না, দামও বাড়ত না।

রবিবার বিকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ৯৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশের কৃষি পণ্যের উত্পাদন বৃদ্ধি করে জাতিকে লজ্জা থেকে রক্ষা করতে হবে এবং দেশকে খাদ্যে বিদেশ নির্ভরশীলতা কমাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। কৃষি কর্মকর্তা দেবল সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।