মোরেলগঞ্জে বাঁধ কেটে দূষিত পানি অপসারণ করছে এলাকাবাসী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪৪

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের চার গ্রামের ১৫ হাজার মানুষ দূষিত পানিতে বন্দি হয়ে পড়েছেন। সোমবার দূষিত পানিবন্দি কয়েক হাজার মানুষ ওয়াপদার নির্মাণাধীন বেড়িবাঁধ কেটে দূষিত পানি অপসারণে কাজ শুরু করেছেন।

স্থানীয়দের অভিযোগ, ১৯৬২ সাল থেকে এ পয়েন্ট তিনটি স্লুইস গেট ছিল। ১৯৯৮ সালের বেড়িবাঁধ নির্মাণের সময় এখানে একটি গেট রাখা হয়। বর্তমানে চলমান বেড়িবাঁধ নির্মাণের ডিজাইনে কোনো স্লুইস গেট রাখা হয়নি। ফলে জলোচ্ছ্বাসে ঢুকে পড়া পানি এখন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, জলাবদ্ধতার বিষয়ে কেউ জানায়নি। পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, অনুমোদিত ডিজাইন অনুসারে বেড়িবাঁধের কাজ চলছে। জলাবদ্ধতার বিষয়ে কেউ জানায়নি। সরেজমিনে দেখে জনভোগান্তি লাঘবে যা করা দরকার তাই করা হবে।