সুন্দরবনে ট্রলারডুবি
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
ঝড়ে সুন্দরবনে ফিশিং ট্রলারডুবির পরে নদীতে ভেসে ও গাছে চড়ে ১০ দিন অনাহারে কাটানোর পর বাড়িতে ফিরেছে নিখোঁজ জেলে সবুজ ফারাজি।
রবিবার সন্ধ্যার দিকে সুন্দরবনে পুষ্পকটি নারকেলবাড়ি নদীর বুড়ো জাহাজ নামক স্থান থেকে বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুল হালিম নামে এক জেলে তাকে উদ্ধার করে। জেলে সবুজ বরগুনা জেলার আমতলী থানার লালুপাড়া গ্রামের মুজিবার ফারাজির ছেলে।
সবুজ জানায়, গত ৮ নভেম্বর এফবি তরিকুল ইসলাম নামে একটি ফিশিং ট্রলার সুন্দরবনের নারকেলবাড়ি এলাকায় মাছ আহরণের সময় ইঞ্জিন বিকল হয়ে ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যায়। উত্তাল ঢেউয়ের চাপে কিছক্ষণ পর ভেসে উঠে পানির ওপরে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাসতে ভাসতে তিন দিন পর সুন্দরবনে পাগড়াতলীর চরে উঠতে সক্ষম হয়। ১০ দিন সুন্দরবনে গোলগাছের ফল খেয়ে কোনো রকমে জীবন বাঁচে তার। বুড়িগোয়ালিনী গ্রামের হালিম নামে এক জেলে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে বুড়িগোয়ালিনী নৌ-থানা পুলিশের মাধ্যমে নিজ বাড়িতে পাঠায়।
