সাংবাদিকদের প্রীতি ম্যাচ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার, ইন্দোর থেকে

ইন্দোর টেস্ট শেষ হয়ে গিয়েছিল তিনদিনে। বাংলাদেশ দল অনুশীলন করেছে গত দুইদিন। তবে স্বাগতিক ভারতীয় দল পুরোপুরি বিশ্রামেই আছে। আবার ভারতের কয়েকজন ক্রিকেটার কলকাতাও চলে গেছেন। ম্যাচ না থাকায় বাংলাদেশ-ভারতের সাংবাদিকদের দিন অলসই কাটছিল। এর মাঝেই মধ্য প্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের সহযোগিতায় গতকাল দুই দেশের সাংবাদিকরা নেমে পড়েন ব্যাটে-বলে ২২ গজের লড়াইয়ে।

ইন্দোর শহর থেকে ৪০ কিমি. দূরে নির্জন ইমারাল্ড হাইটস আবাসিক স্কুলের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ১০ ওভারের ম্যাচ। অসামান্য আতিথেয়তা, মনোরম পরিবেশে টেনিস বলের লড়াইও বেশ জমেছিল। দৈনিক ইত্তেফাকের আলোকচিত্রী মোশারফ হোসেনের মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশের সাংবাদিকদের দলটা জয়ের আশা পেয়েছিল। শেষ দিকে এই বাঁহাতির ব্যাটিং অবশ্য জয় এনে দিতে পারেনি বাংলাদেশকে, রান-বলের দূরত্ব বেশি হওয়ায়।

ভারতীয় সাংবাদিক দলে কোহলিদের মিডিয়া ম্যানেজার, ট্রেনারের অংশগ্রহণে ম্যাচ নতুন মাত্রা পেয়েছিল। ভরদুপুরে শেষ হওয়া প্রীতি ম্যাচটা দুই দেশের সাংবাদিকদের মধ্যকার হূদ্যতাকে আরও নতুন উচ্চতায় নিয়ে গেছে।