এএফপি
বলিভিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ বলেছেন, তিনি খুব শিগিগরই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। ইভো মোরালসের পদত্যাগের এক সপ্তাহ পরও দেশটির প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে রবিবার তিনি এ ঘোষণা দেন।
প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া এক ভাষণে জিয়ানিন আনেজ বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বলিভিয়ায় নতুন নির্বাচনের ব্যবস্থা করা। এ লক্ষ্যে আমরা খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করব।’ তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত উল্লেখ না করে কেবল বলেন, এ ঘোষণা হবে ‘আমাদের দেশের গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের চেষ্টা।’ নির্বাচনে জালিয়াতির অভিযোগে ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করেন দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরালেস। এরপর তিনি মেক্সিকোতে পালিয়ে যান। এ ঘটনার পর থেকেই দেশটিতে প্রায় প্রতিদিনই মোরালেসের সমর্থকদের সঙ্গে বিরোধী দলের সংঘর্ষ লেগেই আছে।
