যুবলীগ উত্তর শাখার নতুন নেতৃত্বে আলোচনায় যারা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:১৬

২৩ নভেম্বর কেন্দ্রের সঙ্গে মহানগরের কমিটি ঘোষণা হতে পারে

মেহেদী হাসান

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের জাতীয় সম্মেলন আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের শক্তিশালী খুঁটি হিসেবে পরিচিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শাখা যুবলীগ। জানা গেছে, জাতীয় সম্মেলনের দিনই কেন্দ্রীয় যুবলীগের পাশাপাশি মহানগর দুই শাখার শীর্ষ নেতাদের নামও ঘোষণা করা হতে পারে। এবার যুবলীগের বর্তমান যে নেতৃত্ব রয়েছে তাদের বলয় ভাঙনের কবলে। আগামীতে মহানগর যুবলীগের রাজনীতিতে তাদের আধিপত্য থাকার সুযোগ অনেকাংশেই কমে যাবে বলে যুবলীগ সংশ্লিষ্টরা মনে করেন। এছাড়া যুবলীগ মহানগরের রাজনীতিতে সাবেক ছাত্রলীগ নেতাদের সুযোগ দিয়ে সংগঠনের রাজনীতির সঙ্গে অভিজ্ঞদের জায়গা করে দেওয়া প্রয়োজন বলে যুবলীগ সংশ্লিষ্টরা মনে করেন।

যুবলীগের মহানগর (উত্তর-দক্ষিণের) সম্মেলনে তারিখ ঘোষণা না হলেও থেমে নেই এ দুই ইউনিটের পদ-প্রত্যাশীদের প্রতিযোগিতা ও তোড়জোড়। এবার মহানগরের শীর্ষ নেতৃত্বে যে পরিবর্তন আসছে সেটা অনেকটা নিশ্চিত। ঢাকা মহানগর দুই ইউনিটে শীর্ষ পদ পেতে প্রায় দুই ডজন নেতাকর্মী দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। বর্তমান কমিটির অনেকেই নিজেদের পদ-পদবি বাড়ানো বা শীর্ষ স্থান পেতে ব্যাপক তত্পর। ঢাকা মহানগর উত্তর যুবলীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীরা হলেন বর্তমান কমিটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, জাকির হোসেন বাবুল, মো. শাহাদাত হোসেন ভূঁইয়া সেলিম, এ এইচ এম কামরুজ্জামান কামরুল প্রমুখ। অনু-বাবুল কমিটি আসছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। অনু ২০০২-২০১০ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ইত্তেফাকের সঙ্গে আলাপকালে অনু-বাবুল বলেন, যারা রাজপথে রাজনীতি করেছে, সাবেক ছাত্রলীগ নেতা ও স্বচ্ছ ও ক্লিন ইমেজের, তাদেরই নেতৃত্বে আনা হোক, এটাই চাই। মহানগর উত্তর যুবলীগের সভাপতি মইনুল হোসেন খান নিখিল এর আগের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে যুবলীগের বয়সসীমা ৫৫ বছর করার কারণে তিনি বাদ পড়ে যাচ্ছেন।