বখাটে এক কলেজছাত্রের উত্পাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে কারিমা আক্তার কার্নিজ (১৪) নামে এক স্কুলছাত্রী। সোমবার বেলা ১১টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কলকুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কার্নিজ ঐ গ্রামের কৃষক আবুল কালামের মেয়ে। সে এবার কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তিন ভাইবোনের মধ্যে কার্নিজ বড়ো। এ ঘটনার পর পালিয়ে গেছে বখাটে কলেজছাত্র কাওছার আলী (১৮)। কাওছার একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে উপজেলার পুটিমারী বিএম কলেজের প্রথম বর্ষের ব্যাংকিং শাখার ছাত্র। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
কারিমা আক্তার কার্নিজের বাবা আবুল কালাম ও মা শিল্পী বেগম অভিযোগ করে জানান, কাওছার আলী তাদের মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে গত ১০ দিন আগে গ্রাম্য সালিশে কাওছার আর উত্পাত করবে না বলে ক্ষমা চায়। কিন্তু ১৬ নভেম্বর কার্নিজ জেএসসির শেষ পরীক্ষা দিয়ে ফিরে আসার সময় রাস্তায় আবার উত্পাত করে কাওছার। মেয়ে বাড়ি ফিরে বিষয়টি জানালে তারা কাওছারের পরিবারের কাছে অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে কাওছার এসে কার্নিজের বাবাকে মারপিট করে হুমকি দেয়—‘এবার দেখব তোমাদের মেয়ে কি করে বাড়ির বাইরে যায়। তাকে আমি বিয়ে করে বউ বানাব।’ এ নিয়ে গ্রামে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হলে পুলিশ এসে তা থামিয়ে দিয়ে চলে যায়।
কিন্তু কাওছারের হুমকি-ধমকিতে কার্নিজ বাড়ির বাইরে যেতে পারছিল না। ঘটনার দিন সকালে মেয়েটি বাড়ির বাইরে দরজায় দাঁড়ালে কাওছার এসে তাকে বউ বউ বলে ডাকতে থাকে। এ অবস্থায় মেয়েটি ছুটে নিজঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর ঘরে একটা শব্দ হলে পরিবারের লোকজন গিয়ে মেয়েকে ডাকতে থাকে। কোনো সাড়া না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে দেখতে পায় ঘরের তীরের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে তাদের মেয়ে ঝুলছে। এলাকাবাসীর সহায়তায় তারা মেয়েকে নামিয়ে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবুসহ অনেকে বলেন, বখাটে কাওছারের উত্পাতে মেধাবী শিক্ষার্থী কার্নিজের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা মর্মাহত, শোকাহত। দ্রুত অভিযুক্ত বখাটেকে গ্রেফতার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক জানান, আমরা উপজেলা হাসপাতাল হতে মেয়েটির মরদেহ দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
