মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে এক হত্যা মামলার তিন আসামির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২১০টি ট্যাটা-বল্লম উদ্ধার করেছে।
জানা যায়, সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে গত ৮ নভেম্বর জমিসংক্রান্ত বিরোধের জেরে আমির আলী ওরফে মীর আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে আসামি করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মীর আলীর স্ত্রী। মামলা রুজু হওয়ার পর থেকে এজাহার নামীয় আসামিরা পলাতক রয়েছে।
গত রবিবার দিবাগত রাতে পলাতক আসামিদের বাড়িতে সিরাজদিখান থানার ওসি তদন্ত মো. আজিজুল হকের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পুলিশ আসামিদের বাড়ি হতে ২১০টি ট্যাটা-বল্লম উদ্ধারের কথা প্রকাশ করলেও আসামিদের প্রতিবেশী ও পরিবারের লোকজন দাবি করে মাত্র ৫০টি ট্যাটা-বল্লম উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি তদন্ত ও মামলার তদন্তকারী অফিসার মো. আজিজুল হক হাওলাদার বলেন, আসামি সুমনের বাড়ি হতে ১৭৫টি, আনোয়ারের বাড়ি হতে ২৫টি এবং ইয়াসিনের বাড়ি হতে ১০টিসহ সর্বমোট ২১০টি ট্যাটা-বল্লম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
