পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায় সব দেশ মানতে বাধ্য। মিয়ানমার আইসিসির বা আইসিজের (আন্তর্জাতিক বিচার আদালত) সদস্য না হলেও দেশটির নেত্রী অং সান সু চিসহ ঊর্ধ্বতন ২০ কর্মকর্তার বিরুদ্ধে রায় হলে তারা অন্য দেশে গেলেই গ্রেফতার হবেন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দৈনিক ভোরের কাগজ ও আইসিএলডিএস আয়োজিত ‘আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাকে বড়ো করে দেখেছেন, তাই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। রাতারাতি এ সংকটের সমাধান হবে না। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন হতেই হবে। তিনি বলেন, আইসিসির আদেশ হওয়ার পর মিয়ানমার ছাড়াও অনেক দেশের ওপর চাপ সৃষ্টি হবে রোহিঙ্গা সংকট সমাধানে। সবচেয়ে বড়ো কথা হলো ভারতের প্রধানমন্ত্রী ও জাপানের প্রধানমন্ত্রী অং সান সু চিকে বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে এ অঞ্চল অস্থিতিশীল হবে।
আইসিএলডিএসের চেয়ারম্যান ও সাবেক কূটনীতিক মোহাম্মদ জমিরের সভাপতিত্বে ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল। আলোচনায় অংশ নেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী, মেজর এমদাদ, সাংবাদিক অজয় দাশগুপ্ত ও উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, অভিবাসী বিশেষজ্ঞ আসিফ মুনির প্রমুখ।
