সিসি ক্যামেরায় ধরা পড়ল দুই বছরের শিশুকে গৃহকর্মীর নির্যাতনের দৃশ্য

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০০:৪৫

 ‘এক নারী বাথরুম থেকে দুই বছরের এক শিশুকে ঘরের ভেতর ছুড়ে ফেলে দেন। এরপর শিশুটিকে টানা কয়েক দফা লাথি মারেন ঐ নারী।’ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে এই চিত্র। ছোট্ট শিশুর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। গত ১৪ নভেম্বর রাজধানীর শাজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আল আমিন ও লুত্ফুন্নাহার দম্পতির শিশুসন্তানকে ঐ বাসার গৃহকর্মী শাহিদা নির্মমভাবে নির্যাতন করেছিলেন।

শিশুটির বাবা আল আমিন সরকার শাহজাহানপুর এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। শিশুটির মা লুত্ফুন্নাহার উপজেলা শিক্ষা কর্মকর্তা। এ দম্পতির একমাত্র শিশু ছোট্ট আবদুল্লাহ আবতাই আয়াতের বয়স মাত্র দুই বছর। স্বামী-স্ত্রী দুজনেই চাকরিজীবী হওয়ায় শিশুসন্তান আয়াতকে বাসায় গৃহকর্মী শাহিদা তাজনারার (৪৫) কাছে রেখে যেতেন।

আল আমিন সাংবাদিকদের বলেন, ‘বাবুকে মারধরের বিষয়ে কোনোভাবে আমার স্ত্রী সন্দেহ হওয়ায় বাসায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলে। সে অনুযায়ী গত ৮ নভেম্বর আমি বাসায় সিসিটিভি ক্যামেরা বসাই। কিন্তু ক্যামেরার বিষয়টি আমরা গৃহকর্মী শাহিদাকে বুঝতে দিইনি। ক্যামেরা বসানোর পাঁচ দিনে যা ধরা পড়েছে, সেগুলো তেমন কিছু নয়। কিন্তু ১৪ নভেম্বর আমি অফিসে বসে বাসার ক্যামেরা পর্যবেক্ষণ করছিলাম। আইপি ক্যামেরা হওয়ায় স্মার্টফোনেই লাইভ দেখা যেত। সেদিনই অফিসে বসে গৃহকর্মীর হাতে আমার সন্তানকে ভয়ংকর এ মারধরের ঘটনা ধরা পড়ে। বাচ্চাটা মার আর লাথির ভয়ে এতটাই ভীত হয়ে পড়েছিল যে “বাবা” বলতেও যেন ভুলেই গিয়েছিল!’

ঘটনার পরদিন গত ১৫ নভেম্বর রাতে শাহজাহানপুর থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন আল আমিন সরকার। পরে অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।