বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমান অতি অল্প সময়ের মধ্যে বিএনপিকে গোছানোর কাজ প্রায় শেষ করে নিয়ে এসেছেন, নতুন প্রাণ সৃষ্টি করেছেন বিএনপির মধ্যে। এই দুঃসময়ে হাজার হাজার মাইল দূর থেকে তিনি দলকে পরিচালিত করছেন। এই দুঃসময়ে তিনি সঠিক নেতৃত্ব দিয়ে চলেছেন। তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়া ও দেশকে মুক্ত করা হবে।’
গতকাল সোমবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় ফখরুল এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে। শাসকগোষ্ঠী বলছে, তারাই এটাকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে গেছে। এটা শুরু করেছিলেন তারেক রহমান ২০০১ সালে। ইউনিয়ন পর্যায় থেকে সব তথ্য ডেটাবেইস করে রেখেছিলেন। কিন্তু এক-এগারোতে সব নষ্ট করা হয়।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশের মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। যুগে যুগে তরুণ ও ছাত্ররা আন্দোলন করে এসেছে। তরুণদের এগিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। কারো ডাকের অপেক্ষায় থাকলে হবে না।
