ঈশ্বরদীতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০০ টাকা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৬:০১

ঈশ্বরদী ও আশেপাশের হাট-বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে কমতে শুরু করেছে। সর্বশেষ কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমে গেছে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যটির দাম।

গত কয়েকদিন ধরে পেঁয়াজের দিনে দিনে, সকাল-বিকেল বাড়তে বাড়তে ২৫০ টাকা কেজিতে উঠে। পেঁয়াজের অগ্নিমূল্যে দেশ জুড়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে। বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান চালিয়েও লাভ হয়নি। কিন্তু সোমবার হতে হঠাৎ ঈশ্বরদীতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সোমবার খুচরা বাজারে প্রতি কেজি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হয়। মঙ্গলবার আরেকদফা দাম কমে খুচরা বাজারে দেশী পিঁয়াজ ১৫০-১৬০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে।

আরও পড়ুন: দেশে লবণের কোন ঘাটতি নেই-বিসিক

আড়তদার ও খুচরা দোকানীরা বাজারে দেশী নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে বললেও বাজারের কোথায়ও নতুন পেঁয়াজ দেখা যায়নি। আবার ভারতীয় বা আমদানীকৃত পেঁয়াজও ঈশ্বরদীতে চোখে পড়েনি। তবে, অতি মুনাফার লোভে গুদামজাত করা পেঁয়াজ পঁচে যাওয়া শুরু হয়েছে। বস্তা বস্তা পঁচা পেঁয়াজ ভাগাড়ে ফেলা হচ্ছে। উপরন্তু দেশী নতুন পেঁয়াজ আগামী কিছুদিনের মধ্যে বাজারে আসছে। এদিকে ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ‘পিঁয়াজ বিমানে উঠে গেছে। কাজেই আর চিন্তা নাই। আগামীকাল, পরশুর মধ্যে পেঁয়াজ এসে পৌঁছাবে।’  সব মিলিয়ে গত দুইদিনে লাফিয়ে লাফিয়ে কমছে পেঁয়াজের দাম।   

এবিষয়ে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্গো বিমানে পিঁয়াজ আসছে খবরে মজুদদাররা তাদের মজুদ দ্রুত বিক্রির জন্য বাজারজাত করছে। যেকারণে দাম কমছে।

ইত্তেফাক/এসএইচএম