ফিরছেন এনরিকে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:০৩

লুইস এনরিকে পাঁচ মাস পর আবারও স্পেনের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। স্পেনের ফুটবল ফেডারেশন এ তথ্য জানায়। গত জুনে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্পেনের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। মূলত তার ৯ বছরের কন্যা যানার ‘হাড়ের ক্যানসার’-এ আক্রান্ত হওয়ার ঘটনায় এনরিখ ১১ মাস স্পেনের জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালনের পর তা ছেড়ে দিয়েছিলেন। পরে তার কন্যাটির মৃত্যু হয়। ৪৯ বছর বয়সি এনরিকে সরে দাঁড়ানোর পর এতদিন দায়িত্বটি সামলেছিলেন তার সহকারী রবার্তো মোরেনো। প্রথমে অস্থায়ী ভিত্তিতে এনরিকের শূন্যস্থান পূরণ করেন মোরেনো। এ সময় টানা তিন ম্যাচ জেতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। পরে মোরেনোকে স্থায়ীভাবে দায়িত্বটি দেওয়া হয়। তার অধীনেই ইউরো ২০২০-এর মূল পর্বে যোগ দেয় স্পেন।