কাল এশিয়ান চ্যামিপয়নশিপে যাচ্ছে আর্চারি দল
এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমসের বাংলাদেশ দল
g স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ আর্চারি দল থাইল্যান্ডে অনুষ্ঠেয় ২১তম এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে আগামীকাল বৃহস্পতিবার দেশ ছাড়বে। আগামী মাসে নেপালে অনুষ্ঠেয় এসএ গেমসের প্রস্তুতিই হবে দলের মূল লক্ষ্য। এ তথ্য জানান দলের কোচ মার্টিন ফ্রেডরিখ ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দীন আহমেদ চপল।
আগামী কয়েক দিন অনেক ব্যস্ততায় কাটবে আর্চারি দলের। এশিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ করে আসার পর রোমান সানারা দেশে ফিরবেন ২৯ নভেম্বর। এর তিন দিন পরই নেপালের উদ্দেশে উড়াল দেবেন তারা। এমন ঠাসবুনোটের সূচি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে আর্চারি দল।
প্রস্তুতিতে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত সফরপূর্ব সংবাদ সম্মেলনেও আনা হয়নি আর্চারদের। তবে কোচ ফ্রেডরিখ দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন। আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ একক বাদে বাকি সব ইভেন্টেই অলিম্পিকে নাম লেখানোর একটা সুযোগ আছে আর্চারদের সামনে। তবু দক্ষিণ এশিয়ান গেমসের প্রস্তুতিকেই এই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য হিসেবে ঠিক করেছে আর্চারি দল। তবে থাইল্যান্ডে চলতি বছরে সাফল্যের ধারাটাও ধরে রাখতে চান জার্মান এই কোচ।
ফ্রেডরিখের ভাষ্য, ‘আমরা জানি এসএ গেমস এই অঞ্চলে কেমন গুরুত্ব বহন করে। বাংলাদেশের অন্য সব ডিসিপ্লিনও একে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে। দেশের প্রতিনিধিত্ব যেহেতু করছি, সেহেতু আমরাও সেখানে ভালো ফল উপহার দিতে চাই। তবে চলতি বছরে উন্নতির ধারাটা থাইল্যান্ডেও ধরে রাখতে চাই আমরা। রিকার্ভ পুরুষ একক ছাড়া সবার সামনেই অলিম্পিকের যোগ্যতা অর্জনের সুযোগ আছে। সেটা লুফে নেওয়ার চেষ্টা থাকবে।’
যে এসএ গেমস সামনে রেখে এমন নিবিড় প্রস্তুতি, সেখানে বাংলাদেশের লক্ষ্য কী? ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দীন জানালেন, নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির করছে না দল। তবে ভালো ফলাফলের ব্যাপারে প্রত্যয়ী তিনি, ‘আমরা মাঠে খেলেই ফলাফল আনতে চাই। সেটা সম্ভব কেবল ভালো খেললে। এ কারণে আমরা আর্চারদের চাপহীন রাখছি। তবে আশা করছি সেখান থেকে শূন্য হাত নিয়ে ফিরব না।’
n রিকার্ভ পুরুষ
রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, সাকিব মোল্লা।
n রিকার্ভ নারী
ইতি খাতুন, মেহনাজ মনিরা, বিউটি রায়, নাসরিন আক্তার।
n কম্পাউন্ড পুরুষ
অসীম দাস, সোহেল রানা, সিয়াম সিদ্দিক, আশিকুজ্জামান।
n কম্পাউন্ড নারী
সুস্মিতা বণিক, বন্যা আক্তার, শ্যামলী রায় (এ বিভাগে সুমা বিশ্বাস এসএ গেমসে যোগ দেবেন)।
