খুলনার শিরোপা পুনরুদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:০৫

জাতীয় ক্রিকেট লিগ-১ম স্তর

দ্বিতীয় স্তরে নেমে গেল রাজশাহী

g  স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগে এর আগে সবচেয়ে সফল দল ছিল যৌথভাবে খুলনা ও রাজশাহী। গত আসরেই শিরোপা জিতে খুলনাকে স্পর্শ করেছিল রাজশাহী। এবার লিগের শেষ রাউন্ডে এসে ঢাকা বিভাগকে ৯ উইকেটে হারানোর ভেতর দিয়ে আবার শিরোপা জেতল খুলনা। সেই সঙ্গে ৭টি শিরোপা জয়ের ভেতর দিয়ে এককভাবে জাতীয় লিগের সফল দল হয়ে গেল তারা; রাজশাহীর শিরোপা ৬টি।

গতকাল প্রথম স্তরের আরেক ম্যাচে রাজশাহীকে ১৫৫ রানে হারিয়েছে রংপুর। এ জয়ের ফলে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। আর চতুর্থ স্থানে থাকা রাজশাহী আগামী মৌসুমে নেমে যাবে দ্বিতীয় স্তরে। প্রথম স্তরে উঠে আসবে এবারের দ্বিতীয় স্তরের সেরা দল সিলেট।

৫ উইকেটে ১০২ রান নিয়ে গতকাল শেষ দিন শুরু করে ঢাকা বিভাগ। অধিনায়ক শুভাগত হোম ও মোহাম্মদ আরফাতের সঙ্গে ভালো দুটো জুটি করে প্রতিরোধের চেষ্টা করেছিলেন রকিবুল হাসান। আরফাত ৫৩ ও শুভাগত ৪২ রান করে আউট হন। এর আগে রকিবুল নিজে ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ২২৭ বলে ৯৯ রানে রানআউট হন তিনি। সবমিলিয়ে ঢাকা বিভাগ ২১৬ রানে অলআউট হয়।

১১৭ রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে শুরু করে খুলনা। মাত্র ৩ রানেই ওপেনার রবিকে হারায় খুলনা। কিন্তু এ আতঙ্ক চড়ে বসতে দেননি এনামুল হক বিজয় ও অমিত মজুমদার। ১১৪ রানের জুটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই দুই জন। বিজয় ৭৯ রানে অপরাজিত থাকেন। আর অমিত ৩৩ রানে অপরাজিত ছিলেন।

এ স্তরের আরেক ম্যাচে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে দিন শেষ করেছিল রংপুর। গতকাল সকালে আর ২ রান মাত্র করে ইনিংস ঘোষণা করে দেয় তারা। রাজশাহীর সামনে ২৪৯ রানের জয়ের লক্ষ্য দাঁড়ায়। এ লক্ষ্য এক দিনে পার করে ফেলা খুব কঠিন ছিল না। কিন্তু উলটো রাজশাহী লজ্জায় পড়ে। দ্বিতীয় ইনিংসে তারা ৯৩ রানে অলআউট হয়ে যায়। ৪ নম্বরে নামা জুনায়েদ ৩৪ রানের একটা ইনিংস খেলে যা একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু আরিফুল হক, আলাউদ্দিন বাবুদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাকিরা। ম্যাচসেরা হয়েছেন আরিফুল।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা—খুলনা

ঢাকা-১ম ইনিংস : ৯৩.১ ওভারে ২৭৯/১০

এবং ২য় ইনিংস : ৮৬.৩ ওভারে ২১৬/১০ (রকিবুল ৯৯, আরফাত ৫৩, শুভাগত ৪২; জিয়াউর ৫/৪৪, নাহিদুল ২/৭৪)।

খুলনা-১ম ইনিংস : ১২৮ ওভারে ৩৭৯/১০

এবং ২য় ইনিংস : ২৫.৪ ওভারে ১১৭/১ (বিজয় ৭৯*, অমিত ৩৩*)

ফল : খুলনা ৯ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : নুরুল হাসান সোহান

রংপুর—রাজশাহী

রংপুর-১ম ইনিংস : ৮৯.৪ ওভারে ২৭৪/১০

এবং ২য় ইনিংস : ৬১ ওভারে ২২৮/৬ ডিক্লেয়ার

রাজশাহী-১ম ইনিংস : ৮৬.২ ওভারে ২৫৪/১০

এবং ২য় ইনিংস : ৪৩.১ ওভারে ৯৩/১০ (জুনায়েদ ৩৪, সুজন ২৭; আরিফুল ৩/২০, বাবু ৩/৪২, সাজিদুল ২/২১)।

ফল : রংপুর ১৫৫ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : আরিফুল হক।