দুই পেট্রোল পাম্পের তেল বিক্রি বন্ধ
করে দিয়েছে বিএসটিআই
g ইত্তেফাক রিপোর্ট
জ্বালানি তেল বিক্রিকালে পরিমাপে কারচুপি করছে পেট্রোল পাম্প। দেশব্যাপী পেট্রোল পাম্পের বিরুদ্ধে এ অভিযোগ অহরহ শোনা যায়। এ ধরনের কারচুপি ঠেকাতে সম্প্রতি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ধরনের অপরাধে বেশ কয়েকটি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। সর্বশেষ গত দুই দিনে রাজধানীর যাত্রাবাড়ী ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে এ ধরনের কারচুপির অপরাধের প্রমাণ পেয়েছেন বিএসটিআইয়ের কর্মকর্তারা। এ অপরাধে পেট্রোল পাম্প দুইটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, যাত্রাবাড়ীর ফাতেমা নাজ ফিলিং স্টেশন ও ধামরাই এলাকার বোরাক ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসকে তেল সরবরাহ বন্ধ করার জন্য তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসটিআইর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফাতেমা নাজ ফিলিং স্টেশন তিনটি ডিসপেন্সিং ইউনিট দিয়ে প্রতি ১০ লিটারে ডিজেলে যথাক্রমে ৮৩০ ও ৭৬০ মিলিলিটার এবং অকটেন ৫১০ মিলিলিটার কম প্রদান করে আসছিল। ১৮ নভেম্বর ধামরাই উপজেলায় বিএসটিআইর অভিযানে দেখা যায়, মেসার্স বোরাক ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টার ছয়টি ডিসপেন্সিং ইউনিট দ্বারা প্রতি ১০ লিটার ডিজেলে ৩৪০ মিলিলিটার অকটেন ৩০০ মিলিলিটার ও পেট্রোলে ২৯০ মিলিলিটার তেল কম প্রদান করে আসছিল। এ কারচুপি প্রমাণ হওয়ায় আদালতে মামলা দায়ের করা হয়। বিএসটিআইর এ সার্ভিল্যান্স অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপপরিচালক মো. রেজাউল করিম।
