সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২১

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল দিনভর সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের দুই পাশে কালিকচ্ছ বাজার এলাকায় পরিচালিত হয়েছে এ অভিযান। নোটিশ ও মাইকিংয়ের পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় বোলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তবে তড়িঘড়ি করে অনেককে মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। এ খবরে হাসপাতাল মোড় এলাকায় দ্রুত যারযার স্থাপনা সরিয়ে নিতে দেখা গেছে।

সওজ ও উপজেলা প্রশাসন জানায়, সড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে শত শত স্থাপনা গড়ে ওঠেছে। ফলে সড়কের পাশে লোকজনের দাঁড়ানোর জায়গা নেই। সড়কের ওপরেই বসছে হাট। স্থানীয় শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ বেড়েই চলেছে। আর সকাল দুপুর বিকাল ও রাতে সড়কে যানজট নিত্যদিনের বিষয়। সরাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার নেছার আহমেদ, সার্ভেয়ার টিঙ্কু চাকমা প্রমুখ। কালিকচ্ছ এলাকা শেষ করে সরাইলে অভিযান পরিচালনার কথা রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। কালিকচ্ছ এলাকা শেষ করে অন্য জায়গায় যাব। কোনো দখলদারই পার পাবে না।