ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে রঙিন বাহারি মাছ চাষ করে রঙিন স্বপ্ন দেখছেন ঝিনাইদহ শহরের তরুণ উদ্যোক্তা রাবেয়া খাতুন ও কালীগঞ্জ উপজেলার হাসানহাট গ্রামের সিহাব উদ্দিন। তারা দুই জন রঙিন মাছ চাষ করে কর্মসংস্থান ও ভাগ্য বদলের ব্যাপারে আশাবাদী।
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার উচ্চ শিক্ষিত তরুণী রাবেয়া খাতুন বছরখানেক আগে রঙিন মাছ চাষের উদ্যোগ নেন। বাড়ির সঙ্গে ছোট্ট পরিসরে একটি খামার গড়ে তুলেছেন। ইটের তৈরি কয়েকটি মিনি সাইজের পুকুর ও চৌবাচ্চা আছে। সেখানে তিনি ১২-১৩ প্রজাতির রঙিন মাছ চাষ করেন।
রাবেয়া খাতুন জানান, এ খামার গড়তে তার ব্যয় হয়েছে ২ লাখ টাকা। মাসে ২২ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। ঝিনাইদহ শহর ছাড়াও কুষ্টিয়া, ফরিদপুর, শৈলকুপায় সৌখিন ব্যক্তিরা তার মাছের ক্রেতা। তারা মাছ কিনে অ্যাকুরিয়ামে পালন করেন। তবে তিনি বলেন, এখনো লাভ হচ্ছে না। আগামীতে উত্পাদন বাড়লে লাভ হবে।
কালীগঞ্জের হাসানহাট গ্রামের কলেজছাত্র সিহাব উদ্দির বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে ছোটো ছোটো পুকুরে রঙিন মাছের খামার করেছেন। এ খামার গড়তে তার ব্যয় হয়েছে সাড়ে ১৮ হাজার টাকা। তার খামারেও ১২-১৩ প্রজাতিন রঙিন মাছ চাষ করা হয়। মাছগুলো একটু বড়ো হলে পাশের পুকুরে নেটের ভেতর বড়ো করেন। তারও বাজার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও যশোর। প্রতিমাসে তার লাভ হয় ৭-৮ হাজার টাকা। এই টাকায় তার ও ভাইবোনের পড়াশুনার খরচ চলে। সিহাব উদ্দিন জানান, খামারের পরিধি বাড়ানোর আশা আছে। তখন লাভ বাড়বে। তিনি আরো বলেন, এ প্রজেক্ট নিয়ে তার বড়ো পরিকল্পনা আছে। এখানে এলাকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জেলা মত্স্য কর্মকর্তা মো. আলফাজ উদ্দিন শেখ জানান, নবীন উদ্যোক্তারা বাহারি মাছের চাষ শুরু করেছে, এটি সম্ভাবনাময় উদ্যোগ। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে।
