কবি নজরুল তোরণ এখন মরণফাঁদ!

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৩

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে মুরাদনগর উপজেলা সদরে প্রবেশপথে রয়েছে কবি কাজী নজরুল তোরণ। তোরণটি বর্তমানে মরণফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এটি ভেঙে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা।

১৯৮৪ সালে স্থানীয় প্রশাসন মুরাদনগর উপজেলায় প্রবেশপথে কবি নজরুলের নামে তোরণটি নির্মাণ করে। তোরণের এক পাশে সাদা রং দিয়ে লেখা রয়েছে ‘ধন্যবাদ আবার আসবেন, আপনার যাত্রা শুভ হোক’ অপর পাশে ‘আপনার আগমন শুভ হউক, মুরাদনগর উপজেলা’। তবে লেখাগুলো আর ঠিকমতো বোঝা যায় না। বর্তমানে তোরণটি খুবই নাজুক অবস্থায় রয়েছে। এর নিচে দাঁড়িয়ে ওপরের দিকে তাকালে মনে হবে, এই বুঝি ইটের জটলা মাথার ওপর ধসে পড়লো। আর ঝুঁকিপূর্ণ এই তোরণের নিচ দিয়েই প্রতিদিন হাজার হাজার পথচারীসহ, যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচল করছে।

পথচারী সুভাষ চন্দ্র সাহা, রাব্বি, আল আমিন ও কাইয়ূম বলেন, এই পথ দিয়ে আসা-যাওয়ার সময় একটু ভয়ে থাকি। মনে হয় এই বুঝি তোরণটি ভেঙে পড়ছে। এছাড়াও চলাচলের পথে শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা আতঙ্কে থাকেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, তোরণটি ঝুঁকিপূর্ণ বলে এটিকে অপসারণের জন্য কাগজপত্র প্রস্তুত করেছি। খুব শিগিগরই এ সমস্যার সমাধান করা হবে।