রাঙ্গামাটি প্রতিনিধি
অবশেষে দীর্ঘ ১০ বছর পর চালু হলো রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বাঘাইহাট বাজার। সাজেক ইউনিয়নের অন্তর্গত বাঘাইহাট বাজারে এখন থেকে সপ্তাহের প্রতি রবিবার বসবে সাপ্তাহিক হাট। ফলে স্থানীয়দের মধ্যে উত্সাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
২০১০ সালে অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যদিয়ে সাজেকের ঐতিহ্যবাহী পুরানো এই বাজারটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বাজারটি বন্ধ থাকায় সাজেক ইউনিয়নের স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায় চরম অর্থনৈতিক সংকটে পড়ে। ফলে সাজেক ইউনিয়নের জনপ্রতিনিধি বাঘাইহাট বাজার পরিচালনা কমিটিসহ স্থানীয় হেডম্যান কার্বারিসহ এলাকার গণ্যমান্যরা নিজ উদ্যোগে গত ১২ নভেম্বর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়ে আবারও বাজারটি পুনরায় চালু রাখার উদ্যোগ গ্রহণ করে। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এখন থেকে প্রতি রবিবার বাঘাইহাট বাজারে সাপ্তাহিক হাট বসবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন) ও বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. নাজিম উদ্দিন বলেন, আলোচনা সভার মাধ্যমে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে বাজারটি পুনরায় চালু করা হলো। আর দীর্ঘদিনের সমস্যা অবশেষে সমাধান হয়েছে। এতে করে এখানে বসবাসরত মানুষের কষ্ট লাঘব হয়েছে। ২০১০ সালে বাঘাইহাটের পাহাড়ি-বাঙালিদের মধ্যে সহিংস ঘটনা ঘটে। ঘটনার পর পাহাড়ি-বাঙালি পালটাপালটি মামলা করে। সে সময় বন্ধ হয়ে যায় বাঘাইহাটের বাজার।
