পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের এক ব্যবসায়ীকে মঙ্গলবার বোমাসদৃশ্য পাঠিয়েছে সর্বহারা পার্টি।
ব্যবসায়ী শঙ্কর কুমার রায় জানান, আমাকে অপরিচিত নাম্বার থেকে এক ব্যক্তি সর্বহারা পরিচয়ে ফোন দেন। তিনি বলেন, আমি তাদের চাঁদা দেইনি তাই আমার জন্য গিফট পাঠিয়েছেন। সফিকুল ইসলাম নামের এক যুবক আমার দোকানে ঐ ব্যাগ রেখে গেছে। সফিকুলকে জিজ্ঞাসা করলে সে জানায়, এক ব্যক্তি তাকে আমার দোকানে ব্যাগটি পৌঁছে দিতে বলেছে। সে তাকে চেনে না। পরে আমি পুলিশে খবর দেই। পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করে নিয়ে গেছে।
দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার জানান, বোমাসদৃশ্য একটি বস্তু পাওয়া গেছে। রংপুরের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে নিশ্চিত করতে পারবেন এটি আসলে বোমা কি না। আমরা তদন্ত করছি। সত্যি সত্যি বোমা হলে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঐ ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
