মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৬

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বৈদ্যুতিক খুঁটির নির্মাণ কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন—যশোরের ইসলামপুর গ্রামের মো. আলির ছেলে মো. রুবেল (২৬) ও একই গ্রামের হারুন শিকদারের ছেলে রুবেল শিকদার (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সোমবার দুপুর ১টায় এই দুই জন শ্রমিক নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠে কাজ করার সময় অসতর্কতাবশত নিচে পড়ে গেলে একজন ঘটনাস্থলে নিহত হয় ও অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।

এই ব্যাপারে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল বলেন, সোমবার সন্ধ্যায় নিহতদের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। মঙ্গলবার দুপুর ২টায় ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।