রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সৌন্দরা গ্রামে মঙ্গলবার সকালে পূর্বশত্রুতার জের ধরে ভাতিজা সাহাদাত্ হোসেন টিটু ও সায়েম হোসেন চাচা নূরুল হক এমরানের শরীরে কেতলির পানি ঢেলে ঝলসে দিয়েছে। চাচা নূরুল হক এমরানকে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নূরুল হক এমরানের স্ত্রী মুক্তা বেগম বাদি হয়ে তিন জনের বিরুদ্ধে থানা মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত সাহাদাত্ হোসেনের বাবা আবদুল হাই ভুলু আমিন বলেন, সাইফুলের চা দোকানে আমার ছেলে সাহাদাত্ হোসেন টিটু গেলে আমার ছোটো ভাই নূরুল হক এমরান গালমন্দ করে। টিটু প্রতিবাদ করলে এমরানের হাতে দোকানের গ্লাসে থাকা পানি নিক্ষেপ করে। এমরান পানি নিক্ষেপ করলে টিটু কেতলিতে থাকা পানি নিক্ষেপ করে।
রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, দুই ভাইয়ের পরিবারে দীর্ঘ কয়েক বছর যাবত্ সম্পত্তিসংক্রান্ত বিরোধ ও মামলা চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গরম পানি নিক্ষেপে আহতের স্ত্রী মুক্তা বেগমের দায়ের করা এজাহারটি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
