সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় গত মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো মোহাম্মদ আনিচ (৩) ও নুসাইবা (১ বছর ৮ মাস)। আনিচ উপজেলার আমিলাইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোস্তাক মেম্বারের বাড়ির কুতুব উদ্দিনের ছেলে ও নুসাইবা পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ এলাকার মোহাম্মদ নজরুল ইসলামের মেয়ে। নিহত নুসাইবার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাড়ির পাশে কুয়া হতে উদ্ধার করে নুসাইবাকে দ্রুত বাড়ির পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আমিলাইশ ইউনিয়নের ইউপি সদস্য মোস্তাক আহমদ জানান, কুতুব উদ্দিনের ছেলে আনিচ উপজেলার নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া এলাকায় নানার বাড়িতে তার মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে দুপুর ৩টার দিকে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। আনিচকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে। উদ্ধার করে দ্রুত কেরানিহাট আশশেফা নামক একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক সিকদার পানিতে ডুবে নুসাইবা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুর বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন। উপজেলার নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াছ নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আনিচ নামে ৩ বছরের এক শিশুর মৃত্যুর বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
