সাতক্ষীরা প্রতিনিধি
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার কালিগঞ্জে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে অ্যাসিডে ঝলসে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার ভোররাতে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কালিশ্বরপুর মাঠকাটি গ্রামে এ ঘটনা ঘটে। অ্যাসিডে দগ্ধ রফিকুল ইসলাম কালিশ্বরপুর মাঠকাটি গ্রামের আব্দুল গফফার মোল্যার ছেলে।
রফিকুলের মামাতো ভাই শফিকুল ইসলাম জানান, রফিকুল ভোররাতে বাথরুমে যান। বের হওয়ার সময় প্রতিপক্ষরা তাকে অ্যাসিড ছুড়ে মারে। রফিকুলের চিত্কারে এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ রয়েছে দীর্ঘদিনের। রফিকুলকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিত্সক ডা. মো. হাফিজ উল্লাহ জানান, রফিকুলের মুখমণ্ডল থেকে পা পর্যন্ত অ্যাসিডে ঝলসে গেছে। শরীরের ষাটভাগই অ্যাসিডে আক্রান্ত। অবস্থা বেশ সংকটাপন্ন। রোগীকে উন্নত চিকিত্সার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অ্যাসিডে দগ্ধ রফিকুল ইসলামের স্ত্রী আরিফা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
