স্টাফ রিপোর্টার, রাজশাহী
পত্রিকায় বিজ্ঞাপন না দিয়েই রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আটটি বাণিজ্যিক প্লট বরাদ্দের মামলায় হিসাব রক্ষক রুস্তম আলীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা অফিস থেকে বাসায় ফেরার পথে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার রুস্তম আলী ঐ জালিয়াতির মামলার তিন নম্বর আসামি। দুদকের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আল আমিন, নাজমুল হোসাইন ও আদালত পরিদর্শক আমির হোসেন গ্রেফতার অভিযানের নেতৃত্বে ছিলেন।
এদিকে গ্রেফতারের পর রাতেই রুস্তম আলীকে নগরীর রাজপাড়া থানায় সোপর্দ এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর আরডিএর সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনকে আসামি করে মামলা করে দুদক। মামলায় আরডিএর চেয়ারম্যান ও হিসাব রক্ষক ছাড়াও আরো দুই জন কর্মকর্তা এবং ছয় জন প্লট গ্রহিতাকে আসামি করা হয়েছে। নিয়ম মেনে পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ২০০৫ সালে আরডিএর চন্দ্রিমা আবাসিক এলাকার ২৩ কাঠার আটটি বাণিজ্যিক প্লট বরাদ্দ করেন আসামিরা।
