রায়গঞ্জে জলাবদ্ধ শত শত বিঘা ফসলি জমি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:৩২

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় শত শত বিঘা ফসলের মাঠ গত ৭-৮ বছর ধরে জলাবদ্ধ হয়ে রয়েছে। ফলে কৃষকগণ আমনধান উত্পাদন করতে পারছেন না বিগত এতোগুলো বছর ধরে। জানা যায়, রায়গঞ্জ উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে ও দি হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের পশ্চিম পাশে ফসলের মাঠের অবস্থান। স্কুল মাঠের উত্তরে আঞ্চলিক মহাসড়কে রয়েছে একটি সেতু। সেতুর মুখটি বন্ধ থাকায় প্রায় সারা বছরই ফসলের মাঠে পানি জমে থাকে। ইরি-বোরো মৌসুমে কৃষকরা যদিও ধান রোপণ করেন, কিন্তু ভারী বর্ষণে ধানগাছ পানিতে পচে নষ্ট হয়ে যায়। জলাবদ্ধতার কারণে আমন ধান তো হয়ই না, ইরি ধানের উত্পাদনে প্রকৃতির ওপর নির্ভর করতে হয়। অথচ এক সময় এই মাঠে ধান-পাটসহ সব ধরনের ফসল হতো। এ অবস্থায়, বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু ব্যবস্থা নিতে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান

গ্রাম: গ্রামপাঙ্গাসী চানপাড়া, ডাকঘর: বোয়ালিয়ারচর,

রায়গঞ্জ, সিরাজগঞ্জ