বিশেষ প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ থাকায় থানা ইউনিট ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নিয়ে আসার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। ইতিমধ্যে ২১টি থানার ৯টি ও পাঁচটি কলেজের মধ্যে ২টি ও ১টি মাদ্রাসা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান। একই সাথে ক্লিন ইমেজ ও আওয়ামী লীগ পরিবারের ছাত্র নেতাদের কর্ম-দক্ষতা দেখে কমিটিতে তাদের প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি।
জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ২১টি থানা কমিটির মধ্যে মেয়াদোত্তীর্ণ শাজাহানপুর, কোতোয়ালি, বংশাল, শ্যামপুর, পল্টন, চকবাজার, রমনা, শাহবাগ ও মতিঝিল এবং সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এদিকে নতুন করে যাত্রাবাড়ি, ওয়ারী, ডেমরা থানা কমিটি এবং খিলগাঁও মডেল কলেজ শাখা কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, মহানগর দক্ষিণ ছাত্রলীগের যে সব শাখার মেয়াদোত্তীর্ণ, ঐ সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি। কারণ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলসহ সব ক্ষেত্রে শুদ্ধি অভিযান শুরু করেছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলোর কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে নগর দক্ষিণ ছাত্রলীগের যেসব শাখার মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলো বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করার চেষ্টা করছি। কিন্তু একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এদিকে একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, বিলুপ্ত কমিটির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
