ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে হত্যা ও চাঁদাবাজির অভিযোগে ৩০ মামলার পলাতক আসামি রুবেল হোসেন ওরফে ‘পটেটো রুবেল’কে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া রাজধানীর চকবাজার এলাকা থেকে মো. আল আমিন ওরফে পান্না (৩০) নামের হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে দারুস সালামের কলোনিপাড়া থেকে র্যাব-৪ রুবেলকে ও র্যাব-১০ পান্নাকে গ্রেফতার করে।
র্যাব-৪-এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দারুস সালাম থানা এলাকার কলোনিপাড়ায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, এক রাউন্ড রাবার বুলেট এবং ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল দীর্ঘদিন ধরে রাজধানী ছাড়াও অন্যান্য জেলায় অস্ত্র ও মাদক ব্যবসা এবং চাঁদাবাজি করার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে রাজধানীসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, রাহাজানি, বিস্ফোরক, চাঁদাবাজি এবং মাদকসহ বিভিন্ন অপরাধের ৩০টি মামলা রয়েছে।
র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে চকবাজার থানাধীন খাজে দেওয়ান ২য় লেন এলাকায় অভিযান পরিচালনা করে পান্নাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৬ পাতা উগ্রবাদী ও ধর্মীয় উসকানিমূলক লিফলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত পান্না নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। তার বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করা হয়েছে।
