ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মন্দবাগ রেলস্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় বিভাগীয় প্রধান পর্যায়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার পর সাময়িক বরখাস্ত হওয়া তূর্ণা নিশীথার চালক তাহের উদ্দিন, সহকারী চালক অনুপ দেব ও পরিচালক (গার্ড) আব্দুর রহমানের দায়িত্বে অবহেলাকে দায়ী করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের তদন্ত কমিটি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, কমিটি প্রধান তদন্ত প্রতিবেদন পাঠিয়ে দিয়েছেন। এ মুহূর্তে রিপোর্টের বিষয় বলা যাবে না। তবে এটুকু বলা যায়, তদন্তে তূর্ণা নিশীথা পরিচালনায় চালক, সহকারী চালক ও গার্ডের দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। সূত্র আরো জানায়, গতকাল রেলওয়ের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। এই তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (সিওপিএস) মো. নাজমুল ইসলাম।
মন্দবাগ দুর্ঘটনা তদন্তে বিভাগীয় প্রধান পর্যায়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির বাকি সদস্যরা হলেন চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ও চিফ ইঞ্জিনিয়ার।
গত ১১ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম লাইনের মন্দবাগ স্টেশনের আউটার ক্রসিংয়ে রাত পৌনে ৩টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হন। দুর্ঘটনার কারণ তদন্তে ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এরমধ্যে জেলা প্রশাসন একটি, বাংলাদেশ রেলওয়ে তিনটি এবং রেলপথ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি গত ১৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়।
