ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের তিনটি গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে একটি গ্যারেজে অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করে। তবে এই তিন গাড়ির মধ্যে রাজীবের মালিকানাধীন নীল রঙয়ের একটি গাড়ি দুদক টিম ঐ গ্যারেজ থেকে দুদক কার্যালয়ে নিয়ে আসেন। আর বাকি দুটি গাড়ি নজরদারির মধ্যে রাখার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশনা দিয়েছে দুদক টিম।
দুদক জানিয়েছে, গোপন সূত্রে দুদক টিম জানতে পারে রাজীবের মালিকানাধীন নীল রঙয়ের ঐ গাড়িটি মেরামতের নামে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে একটি গ্যারেজে রাখা হয়েছে। এরপর দুদক টিম গতকাল সেখানে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে। এছাড়া রাজীবের মালিকানাধীন অন্য দুটি গাড়িও ঐ গ্যারেজের সামনে পাওয়া যায়। উল্লেখ্য, চলমান শুদ্ধি অভিযানে গত ১৯ অক্টোবর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়। এরপর ৬ নভেম্বর রাজীবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। অনুসন্ধানে রাজীবের সাত বাড়ি ও আট গাড়ির সন্ধান পায় সংস্থাটি। এছাড়া তার মোট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদের বিষয়ে নিশ্চিত হয়েছে দুদক।
