ড. কামাল বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা: ওবায়দুল কাদের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:৪৩

গতকাল শনিবার ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেন তার পুরোনো পাকিস্তানি ভাষা ব্যবহার করে স্বরূপ ঢাকতে পারেননি। যিনি নীতি নৈতিকার কথা বলেন, নষ্ট রাজনীতির কথা বলেন, তিনিই প্রমাণ করেছেন তিনি নিজেই বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা।

মন্ত্রী বলেন, ড. কামাল হোসেন প্রমাণ করলেন মানুষের শক্তি যত কমে আসে, তার মুখের বিষ তত উগ্র হয়ে যায়। তারা দুর্বল হয়ে পড়েছে বলেই তার মুখের বিষ তীব্র হয়ে উঠেছে। ওবায়দুল কাদের বলেন, বেপরোয়া চালকদের মতো ড. কামাল বেপরোয়া আচরণ শুরু করেছেন।

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিএনপি ও ঐক্যফ্রন্ট নিজেরাই দায়ী। তারা পল্টনে পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বোধন করে নিজেরাই নিজেদের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে নিউজ তৈরি করতে চেয়েছে।

উন্নয়নের ধারা ঘরে ঘরে পৌঁছানোই আওয়ামী লীগের লক্ষ্য

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, উন্নয়নের ধারা ঘরে ঘরে পৌঁছানোই আওয়ামী লীগের লক্ষ্য। মওদুদ আহমদের ডাকে জনগণ সাড়া দেয় না। উনার বেলা শেষ হয়ে গেছে। আপনারা চেহারা দেখে ভোট দিবেন না, উন্নয়ন দেখে ভোট দিবেন, কাজের লোককে ভোট দিবেন। ভোটের বাজার প্রসঙ্গে তিনি বলেন, যত দিন যাচ্ছে ততই বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়ছে।

মওদুদ আহমদ তার ক্ষমতা থাকাকালীন চোখে পড়ার মত ২২ বছরে ২২টি কাজও দেখাতে পারবেন না। আওয়ামী লীগ সরকার নোয়াখালী-৫ আসনের ৯৩ ভাগ এলাকায় বিদ্যুত্ সংযোগ প্রদান করেছে। বিএনপি নেতা তারেক রহমান বিদ্যুত্ এর খাম্বা ব্যবসা করেছে। মানুষের মাঝে খাম্বা ছাড়া কিছুই দিতে পারে নাই।

তিনি গতকাল শনিবার বিকাল ৫টায় নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার নবগ্রাম বাজারে নির্বাচনী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল প্রমুখ।

ইত্তেফাক/নূহু