ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ‘গণরুম-গেস্টরুমে’ ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর বিভিন্ন নির্যাতন এবং নিপীড়নের চিত্র তুলে ধরে চার দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও বামপন্থি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে নির্বাচিত ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই নেতা হুমকি দেন বলেও জানান আয়োজকেরা। গতকাল কলা ভবনের ডিন অফিসের সামনে ‘বৈধ সিট আমার অধিকার’ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
গতকাল ছিল শিক্ষার্থীদের প্রদর্শনীর শেষ দিন। দুপুরে তানভীর হাসান সৈকত আয়োজকদের এমন প্রদর্শনীর কারণ কী, তা জানতে চান। আয়োজকেরা কারণ বললে তাদেরকে হুমকি দেন। এমনকি একপর্যায়ে তাদের ওপর চড়াও হন এই নেতা।
আয়োজককারী ও বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক আরমানুল হকের অভিযোগ, কর্মসূচি স্থলে আসেন তানভীর হাসান সৈকত। প্রদর্শনীতে শুধু ছাত্রলীগ দ্বারা শিক্ষার্থী নিপীড়নের চিত্র কেন তুলা ধরা হলো—এর জবাবদিহিতা চান তিনি। এ সময় তিনি আমাদেরকে হুমকি দেন এবং মারতে এগিয়ে আসেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তানভীর হাসান সৈকত। তার বক্তব্য, প্রথম বর্ষের শিক্ষার্থীরা ডিন অফিসে ভাইভা দিতে আসছে। তাদের সঙ্গে অভিভাবকেরাও ছিল। কিন্তু প্রদর্শনীতে ছাত্রলীগ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করার পাঁয়তারা চলছে। আমি শুধু বলেছি যে, ছাত্রলীগের সমালোচনা করতে হলে ভালো-খারাপ দুই-ই তুলে ধরতে হবে। কিন্তু তারা শুধু নেতিবাচক দিক তুলে ধরে ছাত্রলীগকে বিতর্কিত করছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গেস্টরুম, গণরুম বন্ধ করা ও প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে আন্দোলন করছেন তানভীর হাসান সৈকত। এই দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে আন্দোলন করেন তিনি। তবে তার এই আন্দোলন লোক দেখানো আন্দোলন বলে জানান তারা।
