রাজস্থলীতে নিহত তিন জনের পরিচয় শনাক্ত হয়নি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২২:৩১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজস্থলী উপজেলায় একটি আঞ্চলিক সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে নিহত তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত হয়নি। থানায় কেউ মামলা করতেও আসেননি। তবে ঘটনায় জড়িতদের ধরতে এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজস্থলী থানা সূত্র জানায়, পুলিশ লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। নিহতরা কোন গ্রুপের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।  গত সোমবার সন্ধ্যায় রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম বালুমুড়া মারমাপাড়া এলাকায় আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় তিন জন নিহত হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে।