সাভারের আশুলিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম নয়ন। গতকাল মঙ্গলবার সকালে ভাদাইল দক্ষিণপাড়া এলাকার ওয়েসিস স্কুলের পাশে একটি শাখা সড়কের পাশ থেকে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার ওপরে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে ঐ যুবককে কুপিয়ে হত্যার পর লাশ রাস্তার ওপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দীপু বলেন, নিহত নয়ন পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত। এলাকার লোক তাকে পুলিশের ফর্মা বলে চেনে। তবে থানার পুলিশের কোনো অফিসারের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকায় তাকে সোর্স বলা যাবে না। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।
