সওজের জায়গা অবৈধভাবে লিজ দিচ্ছে মানিকগঞ্জ পৌরসভা

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০০:৩৪

লিজ বাতিল হওয়ার তিন বছর পার হলেও এখনো সওজের জায়গা অবৈধভাবে ভোগদখল করছে মানিকগঞ্জ পৌরসভা। জায়গা ছেড়ে দিতে একাধিকবার সওজের পক্ষ থেকে লিখিতভাবে মানিকগঞ্জ পৌরসভাকে অবহিত করা হলেও তারা এ ব্যাপারে কোনো কর্ণপাত করছে না।

জানা যায়, গত ২০১১ সালের ২৪ জানুয়ারি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সওজ কর্তৃক অধিগ্রহণকৃত মানিকগঞ্জ জেলার সদর উপজেলাধীন উত্তর সেওতা মৌজার ৩.৬৫ একর ভূমি বিকল্প সড়ক নির্মাণসহ বাস, ট্রাক, টেম্পো, ম্যাক্সির জন্য টার্মিনাল নির্মাণ ও যাত্রীসাধারণের সুবিধার্থে আধুনিক শৌচাগার নির্মাণের জন্য চারটি শর্তে মানিকগঞ্জ পৌরসভার নিকট সাময়িকভাবে হস্তান্তরের অনাপত্তিপত্র প্রদান করা হয়। কিন্তু মানিকগঞ্জ পৌরসভা অনাপত্তিপত্রের ঘ নম্বর শর্ত (স্থায়ী/পাকা অবকাঠামো নির্মাণ) ভঙ্গ করায় উক্ত হস্তান্তর আদেশ গত ১৬ মার্চ ২০১৬ ইং বাতিল করা হয়। সে মোতাবেক সওজের নির্বাহী প্রকৌশলী অধিগ্রহণকৃত ভূমি হতে স্থায়ী/ পাকা অবকাঠামো নিজ উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিয়ে উক্ত জমি নিষ্কণ্টকভাবে ছেড়ে দেওয়ার জন্য মানিকগঞ্জ পৌরসভার মেয়রকে অনুরোধ করেন। পরে মানিকগঞ্জ পৌরসভার আবেদনের প্রেক্ষিতে উক্ত বাতিল আদেশ প্রত্যাহারের কোনো সুযোগ নেই মর্মে মেয়রকে পত্র মারফত জানিয়ে দেওয়া হয়। কিন্তু মানিকগঞ্জ পৌরসভা কর্তৃক স্থায়ী পাকা ভবন অপসারণ করে সওজ ভূমি ছেড়ে না দেওয়ায় চলমান অবৈধ উচ্ছেদ কার্যক্রমের আওতায় গত ২৮ সেপ্টেম্বর নির্মিত ভবনের সামনের অংশ ভেঙে দেওয়া হয়। এরপরও মানিকগঞ্জ পৌরসভা মানিকগঞ্জ বাসটার্মিনাল, ট্রাফিক অফিসের পেছনে মাইক্রোবাস, প্রাইভেট কার স্ট্যান্ড, মমতাজ চক্ষু হাসপাতালের সামনে সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড থেকে শহরের প্রবেশমুখে ইজিবাইক স্ট্যান্ড লিজ দিয়ে আসছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত বাসটার্মিনালের দোকান তালা দিয়ে এলেও দোকানদাররা তালা ভেঙে পুনরায় দোকান করছে।

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসাইন জানান, ‘আমরা বারবার বাধা দেওয়া সত্ত্বেও পৌরসভা অবৈধভাবে লিজ ও টার্মিনালের দোকান ভাড়া দিয়ে আসছে।’ আমরা খুব শিগিগরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।