বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সার্ক এগ্রিকালচার সেন্টার (এসএসি)-এর যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘ফসলে কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয়’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার বারির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সার্কভুক্ত সাতটি দেশের ১৬ জন অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে সার্কভুক্ত দেশসমূহের প্রশিক্ষণার্থীরা বারির কীটতত্ত্ব বিভাগের আন্তর্জাতিক সনদপ্রাপ্ত পেস্টিসাইড এনালাইটিক্যাল ল্যাবরেটরিতে ফসলে কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয় সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন।
সকালে বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের পিপিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্ট্রার (এসএসি)-এর পরিচালক ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. মিয়ারুদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. দেবাশীষ সরকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত।
