চিকিত্সার জন্য লন্ডনে গেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল লাহোর বিমানবন্দর থেকে তিনি একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। এই সময় তার সমর্থকরা তার গাড়ি ঘিরে ধরে ও ফুল দিয়ে বিদায় জানান। দু’টি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার ২০ দিন পর গতকাল চিকিত্সার জন্য বিদেশে গেলেন নওয়াজ শরিফ। তার সফরসঙ্গী হয়েছেন তার ভাই শাহবাজ শরিফ ও ব্যক্তিগত চিকিত্সক ডা. আদনান খান। নওয়াজের দল পিএমএল-এন নেতা রশীদ পারভেজ বলেন, নওয়াজ শরিফ দুই ঘন্টার জন্য দোহায় যাত্রাবিরতি করবেন। এরপর তিনি লন্ডনে গিয়ে চেকআপ করার পর বোস্টনে যাবেন। -ডন
