ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তে প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ প্রয়োগ সঠিক ছিল না। গতকাল ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের জন্য গঠিত প্রতিনিধি পরিষদের কমিটির সামনে সাক্ষ্যে এই কথা বলেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউক্রেন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্দম্যান। তিনি বলেন, এটা একেবারেই ভুল ছিল। একজন প্রেসিডেন্ট তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিশেষ করে বিদেশি রাষ্ট্রকে এমনভাবে চাপ প্রয়োগ করতে পারেন না। এটা করলে জনগনের মধ্যে এই বিশ্বাস জোরালো হয় যে, তিনি একপাক্ষিক কাজ করছেন। ভিন্দম্যানের সঙ্গে সাক্ষ্য দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সহযোগী জেনিফার উইলিয়ামস। এছাড়া গতকাল আরো কয়েকজনের সাক্ষ্য দেওয়ার কথা। এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। -রয়টার্স
