ছুটির আমেজে সারা আলী খান

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৬:৫৪

 

বিনোদন ডেস্ক

 

বলিউডের আলোচিত তরুণ অভিনেত্রী সারা আলী খান। অভিনয়ের কারণে খুব একটা খবরের শিরোনামে আসেননি এখনো। তবে ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ভাইরাল হন তিনি। হাতে কাজও নেই, তাই ঘুরেই সময় কাটাচ্ছেন তিনি। তবে তার পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র বলছে, অভিনয়ের পাশাপাশি নবাব কন্যার আরো একটা প্যাশন আছে। সেটা হচ্ছে দেশ-বিদেশ ঘুরে বেড়ানো। কাজ থেকে সামান্য ব্রেক পেলেই তিনি বের হয়ে যান ছুটি কাটাতে। আর বেশিরভাগ সময়েই সারার সঙ্গী তার গার্ল গ্যাং।

সম্প্রতি তিনি ছুটি কাটাতে পৌঁছে গিয়েছেন প্রিয় শহর নিউইয়র্কে। দেশে থাকলে যে শখগুলো পূর্ণ করতে পারেন না, বিদেশের মাটিতে স্বচ্ছন্দ্যে তা করেন। আর তাই ইচ্ছেমতো ঢুঁ মারেন কখনো স্থানীয় কাফে, পাব অথবা পিত্জা জয়েন্টে। কিংবা কোনো উদ্দেশ্য ছাড়াই হেঁটে বেড়ান রাস্তায়। তবে এর ফাঁকে সময় বের করে জিমে ঘাম ঝরাতে মোটেই ভোলেন না সারা আলী খান।

সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি বেশকিছু ছবি পোস্ট করেছেন, যা থেকে স্পষ্ট এই সফর তিনি দারুণ উপভোগ করছেন। কালো ডেনিম, গোলাপি টিশার্ট এবং গোলাপি উইন্টার জ্যাকেটের সঙ্গে গলায় জড়িয়ে নিয়েছেন হালকা গোলাপি স্কার্ফ। ইয়ারমাফ এবং কালো ওয়েফেরার সানগ্লাসে পারফেক্ট তার উইন্টার লুক।

রণবীর সিংয়ের সঙ্গে ‘সিম্বা’ সিনেমায় অভিনয় করে সর্বশেষ প্রশংসা কুড়িয়েছিলেন। এরইমধ্যে তার অনেক ভক্ত হয়েছে। তবে ভক্তদের নতুন কোনো সিনেমার খবর দিতে পারবেন কী এই বছরের মধ্যে? এই প্রশ্নই করছেন সবাই।