গ্রামবাংলার ঐতিহ্যের নিখাদ একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে হাওর-বাঁওড় এলাকার বিভিন্ন আচার-অনুষ্ঠান উপলক্ষ্যে যে উত্সবমুখর আয়োজন শুরু হয়—সেইসব দিনগুলোয়। ফসল কাটার সময় ঘটা করে যেমন পালিত হয় নবান্নের উত্সব। তেমনিভাবেই হিন্দুদের জন্মাষ্টমীতেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সরব উপস্থিতি দেখা যায়। পুজো-পার্বণেও সব ধর্মের লোকেরাই একসঙ্গে এমন আরো আনন্দানুষ্ঠানে শামিল হয়। আড়ং বা ষাঁড়ের লড়াইয়ের আয়োজন ছাড়াও চরম খরার মৌসুমে বৃষ্টির প্রার্থনায় ব্যাঙা-ব্যাঙির বিয়ের উত্সবও আগের দিনে প্রায় গাঁয়েই পালন করা হতো।
কথক অঞ্চলে মোরগের লড়াইয়ের আয়োজনও করা হতো মাইকে ঘোষণা করে বেশ জনসমাবেশ ঘটিয়েই। পহেলা বৈশাখে গ্রামের হাটে-বাজারে বা খোলা মাঠে ছোটো-বড়ো মেলাতেও প্রায় সব গ্রামবাসীই দলবেঁধে অংশ নিয়ে থাকে। জন্মাষ্টমীতে ভক্তিভরেই পাপমোচনের আশায় পুণ্যস্নান করে হিন্দুধর্মালম্বীরা। আর ঐ মেলাতেও মুসলমানসহ অন্যরাও খাবার জাতীয় চিনি ও গুঁড়ের তৈরি খেলনা, ঘুড়ি, মাটির ঘোড়া, পুতুল, পালকি, রেশমি চুড়ি ছাড়াও খই, মুড়ি, উখরা, গুড়ের মজাদার মোয়া ইত্যাদি কিনেই সবাই বেশ খুশিমনেই বাড়ি ফেরে। এই মেলায় বাঙ্গি, খিরা, পানিফল, তরমুজ, বরই, মেওয়া ইত্যাদিও বেচাকেনা হয়।
বিশেষ করে ধান কাটার মৌসুমে নবান্নের উত্সবে পিঠা-পায়েস ছাড়াও মজাদার খাবার রান্না করে সবাই মিলেই আনন্দ ভাগভাগি করে খেয়ে থাকে। সাধারবাড়ির বাইরে খড়কুটো জ্বালিয়ে বাউল-মুর্শিদী-মারফতিসহ লোকসংগীতের আসর বসে। যাত্রাপালা গানের উত্সবও বসে প্রায় প্রতি বছরই অঞ্চলভেদে। তবে ঈদের আনন্দ উত্সবই মুসলমানরা বেশ ঘটা করে পালন করে সবখানে। শহর-বন্দরের কর্মজীবীরাও তাদের ছেলেমেয়েদের নিয়ে গাঁয়ে আসেন নাড়ির টানেই।
গ্রামে-গঞ্জে ফুটবল খেলার আয়োজনেও উত্সবের আমেজ বিরাজ করে। গ্রামের হাট-বাজারে সার্কাস, বায়স্কোপ ইত্যাদিও আলোড়ন তোলে খেটে খাওয়া মানুষদের মধ্যে। নদী ও খালে-বিলে মাছ ধরাটাও গ্রামবাসীর মধ্যে অন্যরকম একটা উত্তেজনা সৃষ্টি করে। ওদের চঞ্চল ও কৌতূহলী মন সর্বদাই আনন্দের মধ্যে মেতে থাকতেই পছন্দ করে। গ্রামের প্রকৃতিই যেন আবহমানকাল ধরে নৈসর্গিক উত্সবের ডালা মেলে রেখেছে। গাজীর গীতের পালাও উত্সবমুখর করে তোলে চারদিক। বিয়ে-শাদিতে বর-কনেকে নিয়ে নারীদের গীত খুব জনপ্রিয়।
