সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ও সেখানে মোতায়েন ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি বিমান হামলায় ১১ ব্যক্তি নিহত হয়েছেন বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। সিরিয়া থেকে ইসরাইলে চালানো রকেট হামলার জবাবে বুধবার এসব হামলা চালানো হয়েছে, ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আভিচে আদ্রে জানিয়েছেন। এক টুইটে আদ্রে বলেছেন, ‘সিরিয়ার ভিতরে সিরীয় সেনাবাহিনী ও ইরানি কুদস বাহিনীর বহু সামরিক লক্ষ্যে (ইসরাইলি) জঙ্গি বিমানগুলো আঘাত হেনেছে। এসব লক্ষ্যের মধ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সদর দপ্তর, অস্ত্রশস্ত্র ও সামরিক ঘাঁটি রয়েছে। গতকাল সিরিয়া থেকে ইসরাইলের দিকে ছোড়া রকেটের জবাবে এ হামলা চালানো হয়।’ আদ্রে আরো বলেন, ‘গতকাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলি ভূখণ্ডে চালানো ইরানি হামলা সিরিয়ায় ইরানিদের অবস্থানের প্রকৃত কারণ তুলে ধরেছে। ইরানিদের অবস্থান ইসরাইলের নিরাপত্তা, এই অঞ্চলের ও সিরিয়ার সরকারের স্থিতিশীলতার জন্য একটি হুমকি।’
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, সিরিয়ায় ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর বিভিন্ন অস্ত্রাগার ইসরাইলি বিমান হামলার শিকার হয়েছে। এসব অস্ত্রাগারের অবস্থান দামেস্কের উপকণ্ঠে। এছাড়া পশ্চিম দামেস্কের একটি বিমান ঘাঁটিও এদিন আক্রান্ত হয়েছে।
