শুধু পেস নয়, ঘূর্ণি জাদুও থাকবে

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:১৬

ইন্দোর টেস্টে দুই দলের পেসাররাই নায়কের ভূমিকায় ছিলেন। বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী, ভারতের হয়ে মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবরা বল হাতে জ্বলে উঠেছিলেন। ইডেন গার্ডেন্স সম্প্রতি পেস সহায়ক উইকেটের পরিচিতি পেয়েছে। গোলাপি বলের টেস্ট বলে কি না এবার ইডেনেও পেসারদের দাপটই আশা করা হচ্ছে। গতি, সুইংয়ের ছবিটা সবার কল্পনার মানসপটে রয়েছে।

ড্যানিয়েল ভেট্টোরি সেই ছবিতে বাধ সাধছেন। সবার মতো, তিনিও ইডেনে পেসারদের দাপটই দেখছেন। তার মাঝেও বাংলাদেশের স্পিন কোচ বলছেন, গোলাপি বল হোক, ইডেনের সবুজ উইকেট হোক দিবারাত্রির এই টেস্টে স্পিনাররাও ফেলনা হবে না। দুই দলের স্পিনাররা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই গতির ঝড়ের সঙ্গে ঘূর্ণি জাদু দেখার অপেক্ষা করতেও বলছেন ভেট্টোরি। গতকাল ইডেনে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন নিউজিল্যান্ডের এই সাবেক বাঁ-হাতি স্পিনার।

ইডেনে গতকাল সকাল থেকে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দুপুরের পর অনুশীলনে নামে স্বাগতিক দল। আগামীকাল শুরু হবে দুই দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট।

গোলাপি বলের টেস্টে স্পিনারদের ভূমিকা সম্পর্কে ভেট্টোরি গতকাল বলেছেন, ‘আমি যদি ঠিকভাবে মনে করতে পারি, খেলায় (আগের দিবারাত্রির টেস্ট) স্পিন খুব বেশি প্রভাব ফেলেনি। এটা পুরোটাই পেস বোলারদের। কিন্তু এখনও আমি মনে করি স্পিন বোলাররা বড়ো ভূমিকা রাখে। প্রথম দুই সেশনে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দুই দলই শেষ ম্যাচে দুই জন করে স্পিনার খেলিয়েছে। দল গঠনে তারা খুবই গুরুত্বপূর্ণ।’

তবে দিনের আলোয় দুটি সেশনে স্পিন জাদু দেখার আশা করছেন ভেট্টোরি। ওই সময়ে ম্যাচের গতিপথও বদলাতে পারেন স্পিনাররা। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং বাংলাদেশ শিবিরে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসানরা রয়েছেন।

ইডেনে দ্রুত সূর্যাস্ত হবে বলে ঘূর্ণি বোলারদের প্রভাব সেভাবে অনুভূত নাও হতে পারে। বাংলাদেশের স্পিন কোচ বলেছেন, ‘গোলাপি বলের টেস্টেও স্পিনাররা বড়ো ভূমিকা রাখতে পারে। আমার মনে হয়, এখানে কিছুটা ভিন্ন হবে। কারণ এখানে দ্রুত সূর্যাস্ত আসে। স্পিনাররা সম্ভবত বাড়তি পেসারের মতো ঠেকানোর কাজ করবে।’

বল হাতে স্পিনারদের করণীয় জানিয়ে ভেট্টোরি বলেছেন, ‘বিদেশি স্পিনাররা এখানে দাপট দেখাতে পারে না, যতটা তাদের দেশে পারে। তাদের উছিত ৬০ রানে ২ উইকেট, ৭০ রানে ২ উইকেট নেওয়ার দিকে মনোযোগী হওয়া প্রথম ইংিসে। তারপর দেখা যাক, দ্বিতীয় ইনিংস আপনার জন্য কি নিয়ে আসে। এটাই এগিয়ে যাওয়ার সঠিক উপায়।’

বাংলাদেশের স্পিনারদের নিয়ে আশাবাদী ভেট্টোরি। বাংলাদেশের ঘূর্ণি বোলারদের নিয়ে কাজের সুযোগ পেয়ে নিজেই খুশি তিনি। সাবেক এই ব্ল্যাক ক্যাপস অধিনায়ক বলেছেন, ‘আমি খুবই উদ্দীপ্ত। আমি তাইজুল, মিরাজকে জানি। আমার মনে হয়, নাঈম দারুণ প্রতিভাবান। আমি বিপ্লবকে দেখেও খুশি। আমি আরো কয়েকজনকে ঢাকায় দেখেছি। এটা আমার জন্য বড়ো সুযোগ। আমি জানি, অনেক কাজ করতে হবে।’

ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলের কারুকাজ বেশি প্রদর্শিত হবে বলে আশা ভেট্টোরির। তিনি বলেছেন, ‘আমরা কিছুটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় একটি সেশন করেছি। ফ্লাডলাইটের আলোয় কালই (আজ) আমাদের প্রথম সেশন হবে। এখন পর্যন্ত সবই ভালো। কারণ গোলাপি বল দিনের ওই ভাগেই ভালো খেলা হয়।’