পার্থে শচিন-ইনজিকে একসঙ্গে ছুঁলেন কোহলি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২৫৭ বল থেকে ১৩টি চার ও একটি ছক্কার মারে করেন ১২৩ রান। দারুণ এই ইনিংসের সুবাদে একইদিনে তিনি ছুঁযেছেন স্বদেশী লিজেন্ড শচিন টেন্ডুলকার ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে।

কোহলির এটি ২৫তম সেঞ্চুরি। যার মধ্যে সাতটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই সাত সেঞ্চুরির মধ্যে মধ্যে ছয়টিই অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়ার মাটিতে ছয় সেঞ্চুরি রয়েছে শচিনের। এবার কোহলিও ব্র্যাডম্যানের দেশে ছয় নম্বর সেঞ্চুরিটা হাঁকিয়ে ছুঁয়ে ফেললেন শচিনকে।

অপরদিকে টেস্ট ক্রিকেটে ২৫ নম্বর সেঞ্চুরি করে স্পর্শ করলেন পাক কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হককে। চলতি বছর এটি কোহলির পঞ্চম সেঞ্চুরি। ১২৭টা ইনিংস খেলে টেস্টে ২৫ সেঞ্চুরি করে ব্রাডম্যানের পেছনেই জায়গা হলো তার। অসি কিংবদন্তি ব্রাডম্যান ২৫ টেস্ট সেঞ্চুরি করতে খেলেন ৬৮ ইনিংস।

অ্যাডিলেডে প্রথম টেস্টে বিরাটের ব্যাট থেকে রান আসেনি। সেই আক্ষেপটাই যেন পার্থে পুষিয়ে নিলেন তিনি।

ইত্তেফাক/কেআই