গোলাপি বলের ম্যাচকে ঘিরে যেন গোলাপি রঙে সেজেছে কলকাতা। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে জ্বলছে গোলাপি বাতি, কোথাও করা হয়েছে গোলাপি রং। স্টেডিয়ামের স্তম্ভ ঢেকে দেওয়া হয়েছে একই রঙের কাপড় দিয়ে।
গোলাপি বলের ক্রিকেট সাড়া ফেলবে, অনুমান করতে পারছিলেন গাঙ্গুলি। তবে এতটা হবে ভাবেননি তিনিও। প্রথম চার দিনের সব টিকিট যে বিক্রি হয়ে যাবে, বুঝতে পারেননি তিনিও, ‘আমি রোমাঞ্চিত। চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শেষ কবে আমরা দেখেছি, কোনো টেস্টে চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে?’
টেস্টে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘণ্টা বাজিয়ে তারা শুরু করবেন ভারতের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট। বিমান থেকে ঝাঁপ দিয়ে দুই জন প্যারাট্রুপার মাঠে দুই অধিনায়ক বিরাট কোহলি ও মুমিনুল হকের হাতে তুলে দেবেন গোলাপি বল।
এমন অসংখ্য আয়োজন আর চমকে ভরা থাকবে ইডেন টেস্টের প্রথম দিন। সৌরভ বলছিলেন, ‘লাঞ্চের সময়ে শচীন, গাভাস্কার, কপিল, রাহুল, অনিল সবার উপস্থিতিতে একটা টকশো হবে। চা-বিরতির সময় গলফ কার্টে করে সাবেক অধিনায়করা মাঠ প্রদক্ষিণ করবেন। মিউজিক পারফরম্যান্স থাকবে। দিন শেষে সবার জন্য ফেলিসিটেশন থাকবে। রুনা লায়লার পারফরম্যান্স, জিত্ গাঙ্গুলির পারফরম্যান্স, সৌমেন্দ্র, সৌরজিতের পারফরম্যান্স, প্রচুর ফাংশন থাকবে।’
অতিথিদের তালিকা বেশ লম্বা। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের বাংলাদেশ দলের খেলোয়াড়রা পেয়েছেন আমন্ত্রণ। বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেকেই আছেন অতিথির তালিকায়। ভারতের অনেক সাবেক অধিনায়ক, ক্রিকেটার পেয়েছেন আমন্ত্রণপত্র। টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, বক্সার মেরি কমের মতো অন্য খেলার তারকারাও পেয়েছেন আমন্ত্রণ।
