রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে এক নারী রোগীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জেসমিন আরা (২৭) রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার রাত ২টার দিকে তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডের তিন তলা থেকে লাফ দেন।
নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, জন্ডিসে আক্রান্ত জেসমিন আরাকে গত ১৩ নভেম্বর বাগমারা থেকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। ঐ দিন থেকে তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন। মঙ্গলবার রাত ২টার দিকে তিনি ওয়ার্ডের বাইরে গিয়ে তিন তলা থেকে নিচে লাফ দিলে তার মৃত্যু হয়। পরে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
