বরিশালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৩০

বরিশালের বানারীপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় কাওসার নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নিহতের পরিবারকে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাওসার বানারীপাড়া উপজেলার নাজিরপুর এলাকার মৃত শহিদের ছেলে। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফয়েজুল হক ফয়েজ জানান, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

দিঘিতে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

দুর্গাসাগর দিঘিতে বুধবার বেলা ১১টার দিকে সাঁতার কাটতে গিয়ে হূদয় আহম্মেদ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা মো. শাহআলমের ছেলে এবং আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

এয়ারপোর্ট থানার ওসি এস এম জাহিদ বিন আলম জানান, ঐ যুবকের সন্ধানে দিঘিতে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান চলছে।