কবিকুঞ্জ আয়োজিত অষ্টম জীবনানন্দ কবিতা মেলা আগামী ২২ ও ২৩ নভেম্বর রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
প্রথম দিন আগামীকাল ২২ নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন কবি মাকিদ হায়দার। প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিকুঞ্জ পত্রিকার মোড়ক উন্মোচন করা হবে।
মেলার দ্বিতীয় দিন ২৩ নভেম্বর সকালে কবি শিবলী মোকতাদিরকে কবিকুঞ্জ পদক প্রদান এবং অরণী সম্পাদক কবি মাহমুদ কামালকে কবিকুঞ্জ ছোটকাগজ সম্মাননা প্রদানের মাধ্যমে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
এ উপলক্ষে বুধবার রাজশাহী মুক্তিযুদ্ধ পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুদিনের কবিতামেলায় কথাশিল্পী হাসান আজিজুল হক, প্রফেসর সনত্কুমার সাহা, কবি রুবী রহমান, জুলফিকার মতিন, আসাদ মান্নানসহ দেড়শতাধিক কবি ও লেখক অংশগ্রহণ করবেন। এছাড়াও ভারত থেকে এবারের মেলায় অংশগ্রহণ করবেন কবি জয়ন্ত বাগচী, কবি নীহার রঞ্জন সেনগুপ্ত, কবি শান্তিময় মুখোপাধ্যায় প্রমুখ।
