আদমদীঘিতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রুহুল আমিন নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কলেজছাত্রী নিজে বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন।
রুহুল আমিন উপজেলার নশরতপুরের ধনতলা গ্রামের চাঁন মুন্সির ছেলে।
জানা যায়, আদমদীঘির পূর্ব ডালম্বার গ্রামের বাসিন্দা ও নশরতপুর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে রুহুল আমিন প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রী রাজি না হলে বিভিন্ন সময় মোবাইল ফোনে উত্ত্যক্তসহ নানা ধরনের ভয়ভীতি দেখায়। মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার সময় নশরতপুর রাস্তার চারমাথা নামক স্থানে রুহুল আমিন মেয়েটিকে উত্ত্যক্ত করলে সে চিত্কার দেয়। এ সময় দোকানদাররা এগিয়ে এলে রুহুল আমিন পালিয়ে যায়।
ওসি জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
