দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, মাদক ব্যবসার গডফাদারদের কেউ ছাড় পাবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছ থেকে মাদক ব্যবসায়ীদের যে তালিকা নেওয়া হয়েছে, সেই অনুযায়ী কমিশন তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের বিরুদ্ধে অনুসন্ধান করা হচ্ছে। গতকাল বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুদক চেয়ারম্যান আরো বলেন, মাদকের বিস্তৃতি নিয়ে আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন। কারণ মাদক সমাজকে ধ্বংস করে। এটি রাষ্ট্রের মানবসম্পদ উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং সর্বোচ্চ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে হলে সক্ষম মানবসম্পদের কোনো বিকল্প নেই। মাদকাসক্ত মানুষ দিয়ে দেশ এগোবে না।
অতিসম্প্রতি মাদকবিরোধী অভিযানে দেশে মাদকের ব্যাপকতা কিছুটা হলেও কমেছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এখনো প্রায়শ সড়কে দেখা যায় পথশিশুরা পলিথিনে করে ড্যান্ডির মাধ্যমে সৃষ্ট ধোঁয়ায় নেশা করছে। এদেরকে চিহ্নিত করে সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে পুনর্বাসন অথবা সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কারণ এই শিশুদের দেখে অন্য শিশুরাও মাদক বা নেশার প্রতি প্রলুব্ধ হতে পারে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক সঞ্জীয় কুমার চক্রবর্তী।
